nature beauty

header ads

বুদ্ধি, কূটবুদ্ধি ও দানশীলতা | Mohiuddin Kasemi

বুদ্ধি, কূটবুদ্ধি ও দানশীলতা
               - মুহিউদ্দীন কাসেমী

খসরু। ইরানের বিখ্যাত বাদশা। শতশত বছর আগেকার আমলের। দানশীল। দয়ালু। গরিবের বন্ধু। একবার তার দরবারে একজন জেলে আগমন করে বলল, নিজ হাতে মাছটি ধরেছি। আপনার জন্য নিয়ে এসেছি। বাদশা খুশি হয়ে চার হাজার দীনার দেওয়ার নির্দেশ দিলেন। খসরুর স্ত্রী ছিল শিরিন। বেশ কৃপণ। বাদশাকে বলল, সামান্য মাছের বিনিময়ে চার হাজার দীনার দিতে হবে কেন? এভাবে দান করতে থাকলে রাজভাণ্ডার ফুরিয়ে যাবে। ওর দীনার ফেরত আনুন। 
-কিভাবে আনব? এটা সম্ভব না। 
-সম্ভব। একটু বুদ্ধি খাটালেই চলে। 
-কেমনে?
-তাকে ডেকে বলো, তোমার মাছ নর, নাকি নারী? নর বললে বলবা আমি নারী পছন্দ করি। এটা নিয়ে যাও। আর নারী বললে বলবা আমি নর পছন্দ করি। এটা লাগবে না। তখন সে টাকা ফেরত দিয়ে দিবে। 
স্ত্রীর চাপে পড়ে বাদশা জেলেকে ডেকে জিজ্ঞেস করল : 
-তোমার মাছ নর নাকি নারী?
-আমার মাছ হিজড়া! 
এমন জবাব শুনে বাদশা অভিভূত ও মুগ্ধ হয়ে আরও চার হাজার দীনার দেওয়ার নির্দেশ দিলেন। স্ত্রী বেচারি আরও চটলেন। জেলে যাওয়ার সময় হাত ফসকে একটি দীনার নিচে পড়ে গেল। পড়ে যাওয়া দীনারটি তুলে পকেটে রাখল। শিরিন আরও চটল। অগ্নিশর্মা হয়ে বলতে লাগল, জেলেটি কেমন অকৃতজ্ঞ ও ছোটো লোক! দেখেছেন একটি দীনারও ফেলে যেতে চায় না। তার সব দীনার বাজেয়াপ্ত করুন জনাব!
বাদশা জেলেকে জিজ্ঞেস করলেন, একটি দীনার তুলতে গেলে কেন? 
জেলে বলল, দীনারের গায়ে আপনার মূর্তি অঙ্কিত। না তুললে কারও পায়ের নিচে পড়তে পারে। আপনার অসম্মান আমি বরদাশত কীতে পারব না। তাই তুলে নিয়েছি। 
বাদশা যারপরনাই মুগ্ধ। ফরমান জারি করলেন তাকে আরও চার হাজার দীনার দাও! 
.
জেলের বুদ্ধি, নারীর কূটবুদ্ধি ও বাদশার দানশীলতা হতে আমাদের শিক্ষাগ্রহণ করা উচিত।

Post a Comment

0 Comments