nature beauty

header ads

ওয়াজ - মাহফিল | পর্ব: ৪ | Mohiuddin Kasemi


ওয়াজ-নসিহত : ০৪
__________________ মুফতি  মুহিউদ্দীন কাসেমী

প্যান্ডেলের বাইরে সাউন্ড ব্যবহার করা নাজায়েয!

(বিষয়টি নিয়ে দ্বিধান্বিত ছিলাম। প্রায় সবাই করে এমন কাজকে সরাসরি নাজায়েয বলার সাহস হচ্ছিল না। কিন্তু মাও. তাকি উসমানী দা. বা. এর ফতোয়া সাহস যুগিয়েছে।)

কোথাও ওয়াজের মাহফিল করতে চাইলে যারা ওয়াজ শুনতে আসবে তাদেরই ওয়াজ শুনানো কর্তব্য। ওয়াজের মাহফিলের বাইরে মাইক ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তাতে অপব্যয় হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। এর চেয়ে ভয়ানক কথা হল, অতিরিক্ত সাউন্ড ব্যবহার করার দ্বারা ঘরে-বাড়িতে বা দোকানপাটে অবস্থারত মানুষের কষ্ট হতে পারে। তাদের ওপর তো ওয়াজ শোনা ফরজ/ওয়াজিব নয়। তাদের মাঝে অনেকে অসুস্থ থাকতে পারে। আবার অনেকে বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছে; তারাও ওয়াজ শুনতে আগ্রহী না। তাদের কষ্ট হবে। অথচ ইসলামের পরিষ্কার নির্দেশ হল, রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :
مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ
অর্থ : যার মুখ ও হাতের অনিষ্ট থেকে মুসলমানগণ নিরাপদ থাকে সেই প্রকৃত মুসলিম। (সহিহ বুখারি, হাদিস নং- ১১)
কাউকে কোনোরূপ কষ্ট দেওয়া যাবে না। শুধু মুসলিম না, অমুসলিমকেও অযথা কোনো কষ্ট দেওয়া যাবে না। অমুসলিম কেন, কোনো জীব-জন্তুকেও কারণ ছাড়া কষ্ট দেওয়া নিষেধ।
ওমর রা. এর যুগের কথা। হযরত আয়েশা রা. এর ঘরের সামনে এক লোক উচ্চৈঃস্বরে ওয়াজ করত। তখন তো মাইক ছিল না, তবুও ওই লোকের আওয়াজ বেশ উঁচু ছিল। ফলে আয়েশা রা. এবং আশপাশের মানুষের ভীষণ কষ্ট হতো। আয়েশা রা. খলিফাতুল মুসলিমিন ওমরকে অবহিত করেন। তিনি ওয়ায়েজকে ওয়াজ করতে নিষেধ করে দেন। কিছুদিন পর সে আবার এভাবে ওয়াজ শুরু করল। ওমর রা. আবার জানতে পেরে তাকে শাস্তি দেন। (আখবারুল মদীনা : খ. ১, পৃ. ১৫)
এখানে আয়েশা রা. ইসলামী সমাজের শিষ্টাচার, রীতিনীতি, কালচার, ভদ্রতা এবং ওয়াজ-নসিহত করার আদব শিক্ষা দেওয়ার জন্যই এ ব্যবস্থা গ্রহণ করেছিলেন। দীনের দাওয়াতের সম্মানজনক পদ্ধতি প্রতিষ্ঠিত করতেই তিনি ওমরের কাছে অভিযোগ দায়ের করেন। তাই তো একটি হাদিসে এসেছে হযরত আয়েশা রা. মদীনার এক ওয়ায়েজকে ওয়াজের আদব বর্ণনা করতে গিয়ে বলেন :
‘নিজের আওয়াজকে তাদের পর্যন্ত সীমিত রাখো যারা তোমার মজলিসে উপস্থিত। সেসময় পর্যন্ত কথা বলো যখন মানুষজনের দৃষ্টি তোমার দিকে থাকে, আগ্রহভরে কথা শুনে; বিরক্ত হওয়ার পূর্বপর্যন্ত...। (মাজমাউয যাওয়ায়েদ : খ. ১, পৃ. ১৯১)
প্রখ্যাত তাবেয়ি আতা ইবনে আবী রাবাহ রহ. বলেন : আলেমের উচিত নিজের আওয়াজ মজলিস পর্যন্তই সীমিত রাখা। (আদাবুল ইমলা ওয়াল ইসতিমলা : পৃ. ৫)
ওয়াজ-নসিহত ও দাওয়াতের এ আদব রাসূল সা. এর আমল-আখলাক ও জীবনপদ্ধতি হতে গৃহীত। এ শিষ্টাচারই তিনি গ্রহণ করেছিলেন। প্রসিদ্ধ ঘটনা। তিনি এক রাতে আবুবকর রা. এবং ওমর রা. এর বাড়ি যান। তাহাজ্জুদের নামাযে ওমর রা. উচ্চৈঃস্বরে তেলাওয়াত করছিলেন। তাঁকে তিনি নির্দেশ দিলেন, আরেকটু আস্তে পড়ো। তদ্রƒপ রাসূল সা. তাহাজ্জুদের জন্য শেষরাতে জাগ্রত হওয়ার সময় খুব সতর্কতার সঙ্গে সজাগ হতেন, যেন স্ত্রীর কোনো কষ্ট না হয়।
এ কারণেই ফুকাহায়ে কেরামের সম্মিলিত সিদ্ধান্ত হল, তাহাজ্জুদের নামাযে উঁচু আওয়াজে তেলাওয়াত করা নাজায়ে-- যদি মানুষের কষ্ট হয়। (খুলাসাতুল ফাতাওয়া : খ.১, পৃ. ১০৩)
মাওলানা তাকি উসমানি সাহেবের কাছে একবার জিজ্ঞেস করা হয়, তারাবির নামাযে মসজিদের বাইরের মাইক ছেড়ে দিয়ে তেলাওয়াত করা কেমন? উত্তরে তিনি নাজায়েয বলেন। এবং বলেন, বিষয়টি নাজায়েয হওয়ার বিষয়ে কারও দ্বিমত নেই। এ বিষয়ে দৈনিক জং পত্রিকায় নীতিদীর্ঘ কলাম লেখেন তিনি। যা ‘জিকর ওয়া ফিকর’ নামক কিতাবে সংকলিত হয়েছে।

তাছাড়া আরেকটি বিষয় ভাবুন, আগে আমাদের দেশে রাতের বেলায় শবীনা পড়া হতো। এখন বন্ধ হল কেন? কুরআন খতম পড়তে হলে সবাইকে শুনিয়ে মাইক দিয়ে পড়ার কোনো মানে হয় না। এখানে লাভের চেয়ে ক্ষতি বেশি। কেউ কেউ হয় তো শুনতে পারে। আবার অনেকেই মনোযোগ দিয়ে শুনবে না; তখন তো তার গোনাহ হবে। কারণ, কুরআন তেলাওয়াত হলে মনোযোগ দিয়ে শোনা আবশ্যক। তাই অযথা কাউকে গোনাহগার বানানোর কোনো দরকার নেই। ওয়াজের মাঝেও তো কুরআনের আয়াত পড়া হয়।
এতসব কারণে ওয়াজের মাহফিলে অতিরিক্ত মাইক ব্যবহার করা উচিত নয়। যারা আগ্রহভরে স্বেচ্ছায় ওয়াজ শুনতে এসেছে শুধু তাদের শোনার উপযুক্ত সাউন্ড ব্যবহার করলেই চলে; অতিরিক্ত সাউন্ড লাগানোর কোনো দরকার নেই। বিষয়টি গভীরভাবে চিন্তা করা দরকার। আমরা কী করছি, আমাদের সমাজে কী প্রচলিত, সেটা বড় কথা না। শরিয়তের মূলনীতির আলোকে যা-ই প্রমাণিত হবে, সেটাই আমল করা উচিত। নিজের আবেগ ও সমাজের প্রচলনের আগে শরিয়াহ। কিন্তু আজকাল প্রতিযোগিতা চলছে কার ওয়াজের আওয়াজ কতদূর পর্যন্ত পৌঁছানো যায়!
ফিকহের মূলনীতি হল :
دَرْءُ الْمَفَاسِدِ أَوْلَى مِنْ جَلْبِ الْمَصَالِحِ
অর্থ : লাভের চেয়ে ক্ষতি দূর করা অগ্রগণ্য। (ইবনে নুজাইম রচিত আল-আশবাহ ওয়ান নাযায়ের : পৃ. ৯০)

Post a Comment

0 Comments