nature beauty

header ads

মানুষ চেনার উপায় | Mohiuddin Kasemi

                                  চিত্র :- খালেদ হাসান আরাফাত

মানুষ চেনার উপায় ও জালালী মেজাজ
                        - মুহিউদ্দীন কাসেমী

হুসাইন ইবনে আলি রা. এর ছেলে যাইনুল আবিদীন রহ.।
একবার তাঁর কাছে কিছু মেহমান আগমন করল। তিনি অত্যন্ত মেহমানদার ছিলেন। আপ্যায়নের উদ্দেশে চুলোয় গোশত রান্না হচ্ছে। জলদি মেহমানদের সামনে খাবার পরিবেশনের নির্দেশ দিলেন। গোলাম রান্নাঘর থেকে ভুনা গোশত শিকসহ আনতে লাগল। দ্রুততার কারণে হঠাৎ একটি গরম শিক গোলামের হাত ফসকে পড়ে গেল। খালি জায়গায়ে পড়েনি। দুর্ঘটনাক্রমে নিচতলায় অবস্থানরত যাইনুল আবেদিনের এক বাচ্চার গায়ে গিয়ে পড়ে। তীব্র ব্যথা ও যন্ত্রণায় কাতর হয়ে সেখানেই বাচ্চাটি মৃত্যুবরণ করে। হযরত যাইনুল আবেদিন রহ. তা জানতে পেরে গোলামকে সামান্য ধমকও দেননি; উল্টো তার ওপর অনুগ্রহ করে বললেন : যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম। তুমি জেনেশুনে তো এমন করনি। এরপর তিনি বাচ্চার দাফনকাফনে ব্যস্ত হয়ে পড়েন। [আল-ইলমু ওয়াল উলামা]
আমরা চাকরবাকর ও অধীনস্থদের সঙ্গে কেমন আচরণ করি? নিজেই একটু চিন্তা করুন! অজ্ঞাতসারে খাদেমের হাতে অল্প ক্ষতি হয়ে গেলে তার রক্ষা নেই। একেকটি ক্ষতি ও ভুলের জন্যে না-জানি কতদিন তিরস্কার ও ভর্ৎসনা শুনতে হয়। আশ্চর্য ব্যাপার হল, যে ক্ষতির কারণে খাদেমকে ভর্ৎসনা করা হয় তা যদি নিজের হাতে হয়ে যায় (এবং এমনটি হয়েই থাকে) তখন মনকে সান্ত¦না দেওয়ার জন্য কত ধরনের ব্যাখ্যাই না দেওয়া হয়; এবং এ ব্যাপারে কেউ সতর্ক করলেও খারাপ লাগে। দ্বিমুখী এ আচরণ ও নীতি আমাদের মাঝে নেই?
অনেক আলেম এমন আছেন যারা সামান্য অপরাধ ও ভুলেই অকথ্য ভাষায় বকাবকি শুরু করে। চৌদ্দগোষ্ঠী উদ্ধার করেন। আমরা এটাকে বলি "জালালী মেজাজ!" অথচ দেখুন আনাস রা. দশ বছর রাসুল সা. এর খেদমত করেন। কোনোদিন একটি বকা দূরের কথা সামান্য কথাও বলেননি। ধমকও দেননি। জানতে চাননি কেন এমনটি করলে বা কেন করলে না! আরবি হাদিসটি দেখুন :
خَدَمْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ سِنِينَ فَمَا قَالَ لِي أُفٍّ وَلَا لِمَ صَنَعْتَ وَلَا أَلَّا صَنَعْتَ
(বুখারি : ৫৬৯১ )
.
আমাদের একজ উস্তাদ বলতেন, কোনো মানুষের সাথে আত্মীয়তা করতে চাইলে আগে তাঁর বাথরুম দেখো। পরিষ্কার পেলে বুঝবে লোকটি ভালো। রুচি উন্নত। তাঁর সঙ্গে আত্মীয়তা করা যায়। আর  মানুষ চিনতে চাইলে তাঁর কর্মচারী ও অধীন লোকদের জিজ্ঞেস করো। তাঁর সমমান ও উপরের স্তরের লোকদের থেকে সঠিক ইনফরমেশন পাবে না। কথাটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করে রাখার মতো।
রাসুল সা. এর মেজাজই আমাদের দরকার। অন্য কারো জালালী মেজাজের কোনো দরকার নেই।

Post a Comment

0 Comments