nature beauty

header ads

মহামানবদের অসিয়ত | : ০১ | Mohiuddin Kasemi


মহামানবদের অসিয়ত : ০১
                          মুহিউদ্দীন কাসেমী
--------------------

রাসূল সা. এর অসিয়ত

     রাসূল সা. ১০ম হিজরির জিলহজ মাসের ৯ তারিখে আরাফার প্রান্তরে উম্মতের উদ্দেশ্যে জীবনের শেষ হৃদয়গ্রাহী অলংকারপূর্ণ ভাষণ দান করেন।
হে লোক সকল! আমার কথা শোনো, তোমাদের জন্য প্রয়োজনীয় সকল বিষয় বর্ণনা করবো; জানি না আগামী বছর আমি আবার তোমাদের সাথে মিলিত হতে পারব কিনা।
মুসলমানদের জানমাল, ইজ্জতসম্মান তোমাদের জন্য কেয়ামত পর্যন্ত পবিত্র ও সম্মানিত; যেমন এ দিনটি (আরাফর দিন) এ মাসটি (জিলহজ) এবং এ শহরটি (মক্কা) পবিত্র এবং সম্মানিত। তাই যার নিকট আমানত হিসেবে অন্যের যা কিছু গচ্ছিত থাকবে, তা তার মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে।
হে লোকেরা ! তোমাদের স্ত্রীদের তোমাদের ওপর কিছু অধিকার রয়েছে ঠিক যেমনটি তাদের ওপর তোমাদের অধিকার রয়েছে। হে লোক সকল! সকল মুসলমান ভাই ভাই। কারো পক্ষে তার ভাইয়ের সম্পদ তার সন্তুষ্টি ব্যতীত নেয়া হালাল নয়। আমার পর তোমরা আবার কাফির হয়ে যেও না, একে অন্যের ঘাড়ে আঘাত করতে যেও না। আমি তোমাদের জন্য আল্লাহর কিতাব রেখে যাচ্ছি, তোমরা যদি তার যাবতীয় বিধি বিধান মজবুত ভাবে আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনো পথহারা হবে না।
হে লোকেরা! তোমাদের প্রতিপালক একজন, তোমদের আদি পিতা একজন, তোমরা সবাই হযরত আদম আ. এর সন্তান। আর আদম হলেন মাটির তৈরী। তোমাদের মাঝে সবচেয়ে অধিক সম্মানী সে, যে অধিক খোদাভীরু। কোনো আরববাসী অনারবীর ওপর খোদাভীতি ব্যতীত শ্রেষ্ঠ হতে পারে না। মনে রেখো আমি তোমাদের নিকট আল্লাহর দীন পৌছিয়েছি; কাজেই অনুপস্থিতদের নিকট উপস্থিত লোকদের এসকল কথা পৌছানো কর্তব্য।
----
হযরত আবু বকর রা. এর অসিয়ত

  আমার পরে হযরত ওমর রা. কে তোমাদের জন্য খলিফা নিযুক্ত করে গেলাম। সুতরাং তাঁর কথা শুনবে এবং তাকে মান্য করবে। আমি তো শুধু তোমাদের জন্য কল্যাণেরই ইচ্ছা করেছি, আমি তো গায়েব সম্পর্কে কিছুই জানি না, তবে জুলুমকারী সম্পর্কে অচিরেই স্পষ্ট হয়ে যাবে।
ইন্তেকালের কিছুক্ষণ পূর্বে বললেন, আমার ব্যবহৃত এই দুটি চাদর হেফাজত করে রাখবে। আমার মৃত্যুর পর ধুয়ে তাতেই আমাকে দাফন করবে। কারণ, মৃত ব্যক্তির চেয়ে জীবিত ব্যক্তি নতুন কাপড়ের প্রতি বেশি মুহতাজ এবং আমার গোসল দিবে আমার স্ত্রী আছমা রা.।
---

হযরত ওমর রা. এর অসিয়ত

  একদিন লোকদের বললেন : আমি স্বপ্নে দেখলাম, একটি মোরগ আমাকে ঠুকর দিল। এটা অবশ্যই আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসার লক্ষণ। এরপর বললেন : সব  শ্রেণীর লোকেরা আমার কাছে আবেদন করেছে আমার পরে খলিফা নিযুক্ত করে যাওয়ার। আল্লাহ তাআলা অবশ্যই তার দীন ও খেলাফতকে বিনষ্ট করবেন না। অকস্মাৎ যদি আমার মৃত্যু চলে আসে তাহলে ঐ ছয় ব্যক্তির পরামর্শে খলিফা নিযুক্ত হবে যাদের প্রতি রাসুল সা. মৃত্যু পর্যন্ত সন্তুষ্ট ছিলেন। তারা হলেন হযরত ওসমান, আলী, তালহা, যোবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ এবং সা’দ ইবনে আবি ওয়াক্কাস রা.। এরপর বললেন. হযরত আয়েশাকে বলো ওমরের ইচ্ছা হল তার দুই সঙ্গীর সাথে শায়িত হওয়ার। আয়েশা রা. এই বলে অনুমতি দিলেন যে, আমার নিজের ওপর আমি হযরত ওমরকে প্রধান্য দিই। ওমর রা. বললেন. জানাজা প্রস্তুত হওয়ার পর দ্বিতীয়বার অনুমতি চাইবে। অনুমতি না দিলে সাধারণ লোকদের গোরস্থানে আমাকে দাফন করবে। পুত্র আব্দল্লাহকে অসিয়ত করলেন, বেটা! ঈমানের বৈশিষ্ট্যগুলোকে ভালোভাবে আঁকড়ে ধরো; আর তা হলো, প্রচ- গরমের মৌসুমে রোজা রাখবে, তলোয়ার দ্বারা জিহাদ করবে, বিপদে ধৈর্যধারণ করবে, শীতকালে ভালোভাবে অজু করবে এবং মেঘাচ্ছন্ন দিনে তাড়াতাড়ি নামায আদায় করবে।

আরবদের লক্ষ করে অসিয়ত করলেন. গায়ে চাদর দিয়ে লুঙ্গী পরবে, নিয়মিত তীরন্দাজির অনুশীলন করবে, পূর্বপুরুষ আদনানের পুত্র মাদানের মতো সাদাসিধে জিন্দেগী এখতিয়ার করবে, মোটা খাবার খাবে, মোটা কাপড় পরিধান করবে, পরস্পর ভাই ভাই হয়ে থাকবে। অহংকারি জিন্দেগী এখতিয়ার করা থেকে বেঁচে থাকবে, লাফ দিয়ে ঘোড়ায় চড়বে, রিকাব কেটে ফেলবে এবং রোদে থাকার অভ্যাস বানাবে।

Post a Comment

0 Comments